
নিউজ ডেস্ক: সারাদেশে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে রোববার (৩০ এপ্রিল)। আজ সকাল ১০টায় এসএসসিতে বাংলা প্রথমপত্রের পরীক্ষা রয়েছে। সকাল ৯টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর বাড্ডা হাই স্কুলে এসএসসি পরীক্ষা ২০২৩ এর কেন্দ্র পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৭৯ হাজার ৮৭০ জন এবং ছাত্রী ৮ লাখ ৬৯ হাজার ৪০৫ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৫ হাজার ১২১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪৩ হাজার ৯৯৩ জন এবং ছাত্র ১ লাখ ৫১ হাজার ১২৮ জন।২০২২ সালের তুলনায় ২০২৩ সালে পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। এর মধ্যে ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন। এ ছাড়া মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।