
নিউজ ডেস্ক: দেশব্যাপী আওয়ামী লীগের কোটি কোটি নেতা-কর্মী-সমর্থকদের হাতে যখন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম দেওয়া হয়, তখন তাদের মধ্যে যে অনুরণন তৈরি হয় তা দলকে শক্তি যোগায়। দলের মধ্যে নতুন রক্ত সঞ্চালিত হয়। কথাগুলো বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগ ও জেলা আওয়ামী লীগের সকল সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দলীয় গুরুত্বের কারণে সদস্য সংগ্রহ ও নবায়নের কাজটি যত্ন সহকারে করতে হবে। তাহলেই আমরা সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে যে নির্বাচন হবে তাতে আবারও ধস নামানো বিজয় অর্জন করতে পারবো।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। পরে রংপুর বিভাগের সন্তান হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানে কার্যক্রমের সূত্রপাত হয়।