
নিউজ ডেস্ক: জাপানে ৪ দিনের দ্বিপাক্ষিক সফর শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ওয়াশিংটনের ডালাস বিমানবন্দরে অবতরণ করেন। যুক্তরাষ্ট্র সফর শেষে সেখান থেকে লন্ডন যাবেন তিনি। শুক্রবার (২৮ এপ্রিল) টোকিও সময় বিকেল ৪টা ২০ মিনিটে হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি ওয়াশিংটনের সফরকালীন আবাসস্থলে যাবেন। যুক্তরাষ্ট্র সফরকালে সোমবার (১ মে) বিশ্বব্যাংক সদরদপ্তরে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে সম্পর্কের ৫০ বছর উপলক্ষে ‘রিফ্লেকশন অন ৫০ ইয়ার্স অব ওয়ার্ল্ড ব্যাংক-বাংলাদেশ পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। একইদিন প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস-প্রেসিডেন্টদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এছাড়া বিশ্ব ব্যাংকের বোর্ড মেম্বারদের সঙ্গে বৈঠক করবেন।