
নিউজ ডেস্কঃ চলতি বছরও হজযাত্রীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক হজযাত্রীকে হজের আবেদনের অন্তত ১০ দিন আগে করোনা টিকার ডোজ নিতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে।
এর আগে, ২০২৩ সালের হজযাত্রীদের জন্য করোনা টিকার সনদ বাধ্যতামূলক হবে কি না ইমেইলের মাধ্যমে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে প্রশ্ন করেছিল আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। মন্ত্রণালয়ের টুইটবার্তায় বলা হয়েছে, আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি যুক্ত করা বাধ্যতামূলক। কোনো আবেদনকারী যদি তা না করেন-তাহলে তাকে হজের অনুমোদন দেয়া হবে না। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর ২৭ বা ২৮ জুন শুরু হবে হজ। আর এ বছর হজের জন্য যারা আবেদন করেছেন, তাদের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের কাজ আগামী ৫ মে বা আরবি শাওয়াল মাসের ১৫ তারিখ থেকে শুরু করবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
সূত্রঃ গালফ নিউজ