
আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সামরিক চৌকিতে ভয়াবহ হামলায় ৩৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেশটির পূর্বাঞ্চলে এ হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার (২৮ এপ্রিল) বুরকিনা ফাসোর সামরিক নেতৃত্বাধীন সরকারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে বুরকিনা ফাসোর এস্ট অঞ্চলের ওগারউ-এর সামরিক চৌকি লক্ষ্য করে হামলা চালানো হয়।এতে ৩৩ জন সেনাসদস্য নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন।
তবে হামলার শিকার অবরুদ্ধ সৈন্যরা কমপক্ষে ৪০ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে বলে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বুরকিনা ফাসো জিহাদি বিদ্রোহের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত রয়েছে এবং বৃহস্পতিবারের ওই হামলা ও প্রাণহানি দেশটিতে সেই সহিংসতার সবশেষ ঘটনা।