
আন্তর্জাতিক ডেস্কঃ সুদানে সেনাবাহিনী এবং শক্তিশালী আধা সামরিক গোষ্ঠী আরএসএফের মধ্যে চলমান সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ হাজার ১৯৩ জন। ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ সংঘাত এখনো চলছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।বিভিন্ন দেশ তাদের আটকে পড়া নাগরিকদের ফেরাতে কাজ শুরু করেছে। ১ হাজার ৩০০ জন নাগরিককে ফিরিয়ে এনেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।
এদিকে আধাসামরিক বাহিনীর সঙ্গে কোনো সমঝোতা করবে না বলে জানিয়েছে সুদানের সেনাবাহিনী। তারা বলেছেন, শুধু আত্মসমর্পণ মেনে নেবেন। সংঘাত শুরু হওয়ার পর নিজের প্রথম ভাষণে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান বলেন, ‘সুদানে একটা বেসামরিক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।’ গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। মূলত বেশ কিছুদিন ধরেই দুই বাহিনীর মধ্যে উত্তেজনা চলছিল। এরপর হঠাৎ করেই তা প্রবল সংঘাতে রূপ নিয়েছে।