
নিউজ ডেস্কঃ বরগুনায় সাড়ে চার লাখ গলদা চিংড়ির রেণু জব্দের পর নদীতে অবমুক্ত করেছে কোস্টগার্ড। অবৈধভাবে সংগ্রহ করা জব্দের পর নদীদে অবমুক্ত করা হচ্ছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর লতাকাটা খেয়াঘাট এলাকা থেকে এসব রেণু জব্দ করা হয়। পরে সন্ধ্যায় পাথরঘাটা খালে পোনাগুলো অবমুক্ত করা হয়।কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লতাকাটা খেয়াঘাট এলাকা থেকে অবৈধভাবে নদী থেকে সংগ্রহ করা সাড়ে চার লাখ (১০ ড্রাম) গলদা চিংড়ির রেনু জব্দ করা হয়। পরে সন্ধ্যায় পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু ও উপজেলা মেরিন ফিশারি কর্মকর্তা মো. রিয়াজ হোসেনের উপস্থিতিতে জব্দকৃত রেণু পাথরঘাটা খালে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার মাহবুবুর রহমান বলেন, বরগুনায় দীর্ঘদিন ধরে একটি চক্র গলদা চিংড়ি রেণু পাচার করে আসছে। এই চক্রকে প্রতিহত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্টগার্ডের সদস্যরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১০ ড্রাম রেণু জব্দ করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে।