
নিউজ ডেস্কঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন: নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রায়হান, সদর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ইসমাইল, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জামাল মিয়া ও উপজেলা জাসাসের সদস্যসচিব মো. সাদেক।
জানা যায়, বিএনপির নাসিরনগর উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে সৈয়দ একরামুজ্জামান সুখন ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান মামুনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। কমিটি গঠনের পর বুধবার (২৬ এপ্রিল) বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ একরামুজ্জামান সুখন দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য তার নিজ নির্বাচনী এলাকা নাসিরনগরে যান। তার আগমনকে কেন্দ্র করে বিএনপি নেতা কামরুজ্জামান মামুনের পক্ষের লোকজন বেগম জিয়ার উপদেষ্টা একরামুজ্জামান সুখনকে প্রতিহত করার ঘোষণা দেন। এ সময় তারা বিকেলে দলীয় অফিস দখল করে মহড়া চালায়। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এ মহড়া। পরদিন দুপুরে একরামুজ্জামান সদর ইউনিয়নের দাতমন্ডল গ্রামের একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে তার অনুসারীরা হামলার শিকার হন। এ সময়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে পাঁচ নেতাকর্মী আহত হন।