
নিউজ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) চেয়ারম্যান ও সিইও নরিহিকো ইশিগুরুর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলমান প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হিসেবে আছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ। সফরের দ্বিতীয় দিন বুধবার (২৬ এপ্রিল) জাপানের রাজধানী টোকিওর আকাসাকা প্যালেসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এ বৈঠকে তারা জাপান-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে ও বিকাশে কীভাবে কাজ করা যায়, তার বিস্তারিত আলোচনা হয়।
এ সময় আইসিটি প্রতিমন্ত্রী পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, তথ্য-প্রযুক্তিখাতে সর্বশেষ অগ্রগতি এবং ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা তুলে ধরেন। আইসিটি প্রতিমন্ত্রী জানান, কার্যকর স্মার্ট লিডারশিপ একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের যোগ্য নেতৃত্ব গঠনে নির্মীয়মাণ ‘স্মার্ট লিডারশিপ একাডেমি’ আরও কার্যকর করতে উভয় দেশের যৌথ অংশীদারিত্বের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়।