
নিউজ ডেস্কঃ দ্বিপাক্ষিক সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা ও স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হয়। মঙ্গলবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় বিকেল পৌনে ৫টায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকি এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। এর আগে ঢাকার সময় সকাল পৌনে ৮টায় প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে জাপানের টোকিওর উদ্দেশে রওনা হন।
এ যাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দেশ সফর করবেন। দুই সপ্তাহের এ সফরে প্রথমে তিনি জাপান যাবেন। এরপর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং সবশেষে যুক্তরাজ্যের লন্ডন সফর করবেন। হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সফরকালীন আবাসস্থল আকাসাকা প্যালেসে নেওয়া হয়। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে টোকিও এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।