
নিউজ ডেস্ক: দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আজ সোমবার (২৪ এপ্রিল) দায়িত্ব নেবেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে বেলা ১১টার দিকে শপথগ্রহণের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন। নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এরপর নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নথিতে স্বাক্ষর করবেন।bরাষ্ট্রপতির সচিব মো. জয়নাল আবেদীন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করবেন।
দেশের ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন মুক্তিযোদ্ধা ও মাঠ পর্যায়ের রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন। সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত হিসেবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে মোট ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে অবসরে যাচ্ছেন আবদুল হামিদ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নতুন রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা।