
নিউজ ডেস্কঃ বিএনপির ঈদ পরবর্তীকালে আন্দোলন সম্পর্কে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একজন অবৈধ ক্ষমতা দখলদার জিয়াউর রহমানের পকেট থেকে ক্যান্টনমেন্টের ভেতর জন্ম নেওয়া একটি দল বিএনপি। সে দলটি আন্দোলনের কথা বলে প্রায়সই। কিন্তু তারাতো শিখেছে হত্যা, খুন ও ষড়যন্ত্র। এটাই হচ্ছে তাদের পদ্ধতি। রোববার (২৩ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের নতুনবাজার কদমতলা মন্ত্রীর নিজস্ব বাসবভনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, আওয়ামী লীগ আন্দোলন করেছে, আন্দোলনের ফসল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র পেয়েছি এবং উন্নয়ন পাচ্ছি। আর বিএনপি ও তাদের দোসর জামায়াত, তারা যখন আন্দোলনের কথা বলে তখন জনগণ কিছুটা হলে শঙ্কিত বোধ করে। কারণ তাদের পদ্ধতি হচ্ছে অগ্নি সন্ত্রাস, দেশের সম্পদ ধ্বংস করা, মানুষের জান-মালের ওপর হামলা করা। আমরা জানি বাংলাদেশের মানুষ এই সন্ত্রাস ও জঙ্গীবাদ চায় না। দেশকে অস্থিতিশীল করবার যত অপচেষ্টা তার কোনোটাই মানুষ চায় না।