
নিউজ ডেস্কঃ ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে কেউ একা, আবার কেউবা সপরিবারে বাড়ির পথ ধরছেন। রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে বাড়ি ফেরা মানুষের এমন চিত্র দেখা যায়।ঈদ উদযাপন করতে রাজধানীর বেশির ভাগ মানুষ ঈদের আগেই বাড়ি চলে গেলেও ব্যবসায়ী ও শ্রমজীবীদের একটি বড় অংশ জীবিকার তাগিদে ঢাকায় থেকে যান। তারাই এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বাড়ি যাচ্ছেন। শুধু ব্যবসায়ী বা শ্রমজীবী নয়, ট্রেনের অগ্রিম টিকিট না পাওয়া অনেকেও বাড়ি যেতে দেখা যায়।
মঈন নামে এক ব্যবসায়ী বলেন, চানরাতে মাঝরাত পর্যন্ত দোকান করতে হয়েছে। তাই ঈদ ঢাকায় করে এখন বাড়ি যাচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, ঈদের আগে ট্রেনের অগ্রিম টিকিট কাটতে পারিনি। সড়কেও যানজটের কারণে ছোট বাচ্চাকে নিয়ে ঈদের আগে বাড়ি যাইনি। ঈদের পর যেহেতু ট্রেনগুলো ঢাকা থেকে ফাঁকা ছাড়ে, তাই এখন যাচ্ছি। এদিকে এদিন ভোর থেকে সকাল সোয়া ৭টা পর্যন্ত কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মের ডিজিটাল স্ক্রিনে ট্রেনের শিডিউল দেওয়া বন্ধ ছিল। এতে নিজ গন্তব্যের ট্রেন পেতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। তবে মাইকে ট্রেনের শিডিউল জানানোসহ স্টেশনের কর্মরত আনসার ও রেলওয়ে পুলিশকে যাত্রীদের সহায়তা করতে দেখা গেছে।