
নিউজ ডেস্কঃ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মায়ের মন নিয়ে জনগণের সেবা করে যাচ্ছি। শনিবার (এপ্রিল ২২) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সকালে গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একজন মা যেমন তার সংসার আগলে রাখেন, যেমন তার সংসারের ভালো মন্দ দেখে, সংসারের প্রতিটি মানুষকে সুখী দেখতে চান, উন্নত দেখতে চান- ঠিক সেই মায়ের মন নিয়ে আমি বাংলাদেশের জনগণের সেবা করি। যেন বাংলাদেশের মানুষ সুন্দর জীবন পায়।
তিনি বলেন, আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। দেশের মানুষ যদি ভালো থাকে, সুন্দর জীবন পায় আমি জানি আমার বাবার আত্মা শান্তি পাবে, আমার মায়ের আত্মা শান্তি পাবে। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের মুখে হাসি ফোটানো, মানুষের কল্যাণ করা, ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে যাচ্ছি। বঙ্গবন্ধুকন্যা বলেন, আপনারা জানেন, আমার তো কেউ নেই। বাবা-মা, ভাই বোন আমি সব হারিয়েছি। সব হারিয়ে আমি আর আমার ছোট বোন বেঁচে ছিলাম। কাজেই বাংলাদেশের মানুষের প্রতি আমার দায়িত্ব কর্তব্য বোধ আমার বাবার কাছ থেকে শিখেছি।