
নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বে উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করে সামনে এগিয়ে যাচ্ছে দেশ। তিনি বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শ্রীলংকা এবং পাকিস্তান খাদ্য ও জ্বালানি ঘাটতি নিয়ে দেউলিয়া হয়ে গেছে। অনেক উন্নত দেশ তাদের আর্থিক অবস্থা নিয়ে হিমশিম খাচ্ছে।সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে নাটোরের সিংড়া পৌরসভা প্রাঙ্গণে পৌরসভার এক হাজার অসহায় পরিবারের মধ্যে নিজস্ব অর্থায়নে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে প্রতিমন্ত্রী সিংড়া উপজেলার ইউনিয়ন পর্যায়ে, আশ্রয়ন প্রকল্পে এবং সুবর্ণ নাগরিকদের মধ্যে তিন হাজার প্যাকেট ঈদের শুভেচ্ছা উপহার দেন।
ঈদ উপহার প্যাকেটে রয়েছে- পোলাওয়ের চাল, তেল, চিনি, সেমাই, দুধ, মসলা, আলু, পেঁয়াজ ও মুররি। বিতরণ অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী সব সময় অসহায় মানুষের পাশে থাকেন। শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলার আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। বঙ্গবন্ধুর আজন্ম লালিত সাম্য ও বৈষম্যমুক্ত সোনার বাংলার আধুনিক রূপ সুখী সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে উঠবে। এই লক্ষ্য পূরণে আওয়ামী লীগের সব নেতাকর্মী সক্রিয় আছেন।