News71.com
 Bangladesh
 21 Apr 23, 08:35 PM
 99           
 0
 21 Apr 23, 08:35 PM

দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ফের লঞ্চ চলাচল শুরু।।

দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ফের লঞ্চ চলাচল শুরু।।

নিউজ ডেস্কঃ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় দেড় ঘণ্টা পর এ টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে বিকেল সোয়া ৫টা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে কর্তৃপক্ষ নৌ চলাচলের অনুমতি দেয়।

 

এ বিষয়ে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. কবির হোসেন বাংলানিউজকে বলেন, আবহাওয়া অফিস থেকে অনুমতি দেওয়ায় আমরা দেড় ঘণ্টা পর লঞ্চ ছাড়তে অনুমতি দিয়েছি। আবহাওয়া অফিস আমাদের বলেছে, এ মুহূর্তে ঝড়ো হাওয়া নেই। দেশের দক্ষিণাঞ্চলে নৌযান চলাচলের যে পথ সেখানকার পরিস্থিতি ভালো আছে। তবে আকাশ মেঘলা রয়েছে। এজন্য আমরা লঞ্চ কর্তৃপক্ষে সতর্ক করে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছি। পথের মধ্যে যদি আবার ঝড়ো বৃষ্টি শুরু হয় তাহলে নিরাপদে লঞ্চ নোঙরের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনালে হাজারো যাত্রী নিয়ে অন্তত ৩০ টি লঞ্চ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আবহাওয়া অনুকূলে আসায় নৌ-পুলিশ মাইকিং করে। এরপর থেকে লঞ্চগুলো টার্মিনাল ছেড়ে যেতে শুরু করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন