
নিউজ ডেস্কঃ ঈদুল ফিতরকে কেন্দ্র করে কোনো জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। শুক্রবার (২১ এপ্রিল) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
র্যাব ডিজি বলেন, গোয়েন্দা, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বাড়ানোর মাধ্যমে জঙ্গিদের যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত রয়েছে র্যাব। ‘ভার্চুয়াল জগতে ঈদুল ফিতরকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছাড়ানো প্রতিরোধে র্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি করছে। র্যাব সদর দপ্তর সার্বিকভাবে নজরদারি রাখবে। আমরা আশা করছি অন্যান্য বছরের মতো এ বছরও উৎসব উদ্দীপনার মধ্যে দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হবে।’