
নিউজ ডেস্কঃ বাংলাদেশ উন্নত দেশের কাতারে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার (১৬ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে বিআইডব্লিউটিসি অফিসে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গরিব ও অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিআইডব্লিউটিসিকে মানসম্পন্ন জায়গায় যেতে হবে। বিআইডব্লিউটিসি আর্থিকভাবে লাভবান হলে এর শ্রমিক কর্মচারীরাও লাভবান হবেন। আমাদের সরকারের কমিটমেন্ট আছে বাংলাদেশের মানুষকে ভালো রাখা। বিআইডব্লিউটিসির বিরাট সম্ভাবনা আছে। এটাকে কাজে লাগাতে হবে। মনযোগ ও ভালোবাসা দিয়ে কাজ করে বিআইডব্লিউটিসিকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নশীল থেকে উন্নত দেশের কাতারে যাচ্ছে। সেক্ষেত্রে বিআইডব্লিউটিসি পিছিয়ে থাকবে কেন? বিআইডব্লিউটিসি মানহীন থাকবে তা হবে না। বিআইডব্লিউটিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এর উন্নয়নে ডিটেইল স্টাডি প্লান থাকা দরকার। এ লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নিন। দেশের অনেক অঞ্চলে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বিআইডব্লিউটিসির সেবা দেওয়ার অনেক সুযোগ রয়েছে। ডিটেইল স্টাডির মাধ্যমে সেসব অঞ্চলে সেবা বাড়ানোর সুযোগ রয়েছে। করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্ব সংকটে আছে। সংকটকে জয় করতে চাই। বিআইডব্লিউটিসির উন্নয়নে ভালো প্রোপোজাল নিয়ে আসবেন; সঙ্গে থাকব।