
নিউজ ডেস্ক: ওষুধ ও তৈরি পোশাক খাতে বাংলাদেশের অগ্রতির কথা উল্লেখ করে অন্যান্য খাতেও এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, আমরা বিশ্বমানের ওষুধ উৎপাদন করছি৷ আমরা অনেকখানি নির্ভর করে আছি গার্মেন্টস আইটেমের উপর। সেটি ঠিক রেখে অন্য খাতে আমাদের আরও এগিয়ে যেতে হবে। রোববার (১৬ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ.এইচ.এম. আহসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী সব সময়ে বলেন, সরকার ব্যবসা করবে না, সর্বোচ্চ সুবিধা দেবে ব্যবসায়ীদের। আমি আজকেও কিছু সমস্যার কথা শুনেছি, আমি আবারও যাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমাদের লেদার আইটেমও রপ্তানি হচ্ছে। আমাদের ইলেকট্রনিকস আইটেমের উপরও জোর দেওয়া দরকার।তিনি বলেন, আমরা এ বছর ৭০টা আইটেমের উপর পদক দিচ্ছি। সফলতা তো আরও অনেক-অনেক বেশি। আরও যারা পান নি, তাতে কি আসে যায়। আজকে একজন পেয়েছেন, কাল আরেকজন পাবেন। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আপনারা দেশকে এগিয়ে যান এই প্রত্যাশা।