
নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানুষের ক্ষতি হয়, এমন কোনো কাজ আমরা চলতে দেব না। মন্ত্রী আরও বলেন, আমরা কারও ক্ষতির জন্য নয়, আমরা উৎসাহ দিতে চাই। যেন আমাদের ইন্ডাস্ট্রি বড় হয়, তাহলে অনেক লোকের কর্মসংস্থান হয়, সরকার বেশি রাজস্ব আহরণ করতে পারবে। কাজ করতে গেলে কিছু সমস্যা হতেই পারে, তার সমাধানও আছে। আমাদের এতে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আবোল-তাবোল কথা বলারও প্রয়োজন নেই। আমাদের উচিত সমস্যার মূলে গিয়ে সমাধান করা।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এফবিসিসিআই আয়োজিত ‘প্রস্তাবিত ওষুধ ও কসমেটিক্স আইন-২০২৩: বাংলাদেশ প্রেক্ষাপট ও ভবিষ্যৎ প্রভাব’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ওষুধ খারাপ হলে রোগী অসুস্থ হয়ে যাবে। ডাক্তার ভালো, মেশিন ভালো কিন্তু ওষুধ যেটি খাওয়ালেন সেটা খারাপ, নকল, মেয়াদোত্তীর্ণ, নিন্মমানের তাহলে রোগ সারবে না। অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স তৈরি হতে থাকে। এসব দেখার দায়িত্বতো আমাদের। এজন্য প্রায় ২০টি শিল্প বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি অনেক মেডিকেল কলেজও আমরা বন্ধ করে দিয়েছি। মানুষের ক্ষতি হয় সেগুলো আমরা চলতে দেব না। দেশের লোকের ক্ষতি হয় সেগুলো যেভাবেই হোক আমরা এলাও করবো না। দেশের মানুষের স্বাস্থ্য নষ্ট হোক এটি আমরা চাইব না।