
নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, জনগণ চাইলে তিনি নির্বাচন করবেন। শনিবার (১৫ এপ্রিল) দলীয় মনোনয়ন ঘোষণার পর তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর বলেন, যেহেতু রাজনীতি করি, তাই জনগণ যা চায় তাই করবো। এলাকার নাগরিক ও ভোটারা যদি চায়, তবে আমি তাদের নিরাশ করবো না। তারা চাইলে আমি মেয়র পদে নির্বাচন করবো।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে ৫টি সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী ঘোষণা করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ সিটি করপোরেশনগুলো হলো- গাজীপুর, খুলনা, সিলেট, রাজশাহী ও বরিশাল। আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। দলীয় মনোনয়ন না পেয়ে হতাশ জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে, ৯ মে প্রতীক বরাদ্দ, ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।