
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নের পাশাপাশি স্মার্ট ডিভাইসও প্রয়োজন। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে বৈশাখী মেলা-১৪৩০ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেলার আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বিসিক ও বাংলা একাডেমি।
এবারের মেলায় ফাইভ ব্রাদার্স করপোরেশনের স্টল ঘুরে দেখার সময় মন্ত্রী প্রতিষ্ঠানটির স্মার্ট উদ্যোগকে স্বাগত জানান ও সাধুবাদ জানান আগত সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করার জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্প সচিব জাকিয়া সুলতানা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা, বিসিক চেয়ারম্যান ও ঊধ্বর্তন কর্মকর্তারা, গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান এবং ফাইভ ব্রাদার্স করপোরেশনের উদ্যোক্তারা।