
নিউজ ডেস্কঃ আসন্ন ঈদ-উল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রাকে কেন্দ্র করে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসের কেন্দ্রীয় জামে মসজিদে জুমা আদায় করে পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, যাত্রীদের ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষকে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য প্রতিবছর নির্বিঘ্নে যাতায়াতের বিষয়ে পুলিশের যে ব্যবস্থা থাকে, এবারও সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন সারাদেশে নানা প্রতিবন্ধকতা ছিল, যখন পদ্মাসেতু ছিল না, চন্দ্রার মোড়ে যখন একমাত্র রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো, তখন পুলিশ সদস্যরা রাত-দিন পরিশ্রম করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতো। কিন্তু বর্তমান সরকারের বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রমের ফলে এবার ঈদযাত্রায় সড়কগুলোতে স্বস্তি এসেছে। এখন আর কাউকে কষ্ট করতে হবে না।