
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কারও নামপরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউর রহমান জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে প্রাইভেটকারটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ওই মহাসড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় এলে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের এক যাত্রী নিহত হন এবং আহন হন চারজন। স্থানীয়দের সহযোগিতায় আহত চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়েছেন।