
নিউজ ডেস্কঃ আজ বাংলা নববর্ষ ১৪৩০ এর বৈশাখ মাসের প্রথম দিন৷ এ উপলক্ষে বর্ষবরণ উৎসবের পাশাপাশি বইয়ের আড়ং এবং বৈশাখী মেলার উদ্বোধন ঘোষণা করেছে বাংলা একাডেমি। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় একাডেমির রবীন্দ্র-চত্বরে নববর্ষ উদযাপন উপলক্ষে এক নববর্ষ বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পী মহাদেব ঘোষের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘রবি-রশ্মি’-এর শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত এবং বর্ষবরণের রবীন্দ্রসংগীত ও নজরুলগীতির মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন।
এরপর বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা রচিত ‘মঙ্গলপ্রভাতে যাত্রা’ কবিতা পাঠ করেন বাচিকশিল্পী এবং বাংলা একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) ড. শাহাদাৎ হোসেন নিপু। অনুষ্ঠানে স্বাগত দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। তিনি বলেন, নববর্ষ আমাদের বাঙালির জাতিত্বজ্ঞাপক উৎসব। সংস্কৃতির শক্তিতে আমরা রাজনৈতিক মহাযুদ্ধে বিজয়ী হয়ে স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। স্বাধীনতাকে সকল মানুষের জন্য অর্থবহ করতে সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন, নববর্ষ উৎসব যে জাগরণের অন্যতম বীজবিন্দু।