
নিউজ ডেস্কঃ ঈদের ১০ দিন সদরঘাটে লঞ্চে মোটরসাইকেল ও মালামাল পরিবহন করা যাবে না বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। লঞ্চে ও ফেরিতে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করতে পারে এবং যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন কোনোভাবেই আদায় না করতে পারে সেজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। নৌপথে চলাচলকারী যাত্রী সাধারণকে যেকোনো জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন নম্বর ১৬১১৩-তে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
হটলাইন নম্বরটি এবং সচেতনতামূলক বাণী সবাই অবগতির জন্য বিআইডব্লিউটিএ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করবে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন। গত ৩০ মার্চ নৌপরিবহন প্রতিমন্ত্রী খলিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদুল-ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ কর্মপন্থা গ্রহণ সংক্রান্ত সভার সিদ্ধান্তগুলো পর্যালোচনা করা হয়।