
নিউজ ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিদায়ী শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। বারডেমের হিমঘর থেকে এদিন সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে তার মরদেহ। বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ। বুধবার (১২ এপ্রিল) সংবাদ সম্মেলনে এ কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন আলতাফুন্নেছা।
তিনি জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। দুপুর ২টায় রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার দেয়া হবে। জানাজার জন্য দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে নেয়া হবে মরদেহ। এর পরদিন শুক্রবার (১৪ এপ্রিল) সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে সকাল ১০টা থেকে শ্রদ্ধা নিবেদন এবং বাদ জুমা তার দ্বিতীয় জানাজা হবে। তবে দাফনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে মারা যান ডা. জাফরুল্লাহ। এ তথ্য নিশ্চিত করেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী।