
নিউজ ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন কোনো সমাধান নয় উল্লেখ করে এই নিবর্তনমূলক আইন অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংস্থাটি।
টিআইবির পক্ষ থেকে বলা হয়, এই আইনের অগ্রহণযোগ্যতা শুধু মৌলিক অধিকার পরিপন্থী অসংখ্য ধারার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং আইনটির যথেচ্ছ অপব্যবহারের ফলে ডিজিটাল নিরাপত্তার নামে গণমাধ্যম, নাগরিক সমাজ তথা আপামর জনগণের মধ্যে যে নিরাপত্তাহীনতার বিকাশ ঘটেছে, সেজন্য আইনটি পুরোপুরি বাতিল করে সংশ্লিষ্ট খাতে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে শুধু ডিজিটাল পরিকাঠামো ও তার যুগোপযোগী ব্যবহারের নিরাপত্তার উদ্দেশ্যে নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি।