
নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতরের পর বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণ পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চৌকি বিছিয়ে অস্থায়ী ব্যবসা পরিচালনা কর্যক্রমের উদ্বোধন শেষে এই সাংবাদিকদের এই কথা জানান তিনি।
ডিএসসিসি মেয়র বলেন, আমরা আমাদের তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিজ নিজ জায়গায় অস্থায়ীভাবে বসিয়ে দিতে পারছি৷ ঈদের আগে আমরা তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে পারব না। তবে ঈদের আগে তারা আবার স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে। পরবর্তীতে কীভাবে তাদের পুনর্বাসন পূর্ণভাবে করা যায়, সেটি ঈদের পরে দোকান মালিক সমিতির নেতাসহ সকলের সঙ্গে বসে ঠিক করা হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ঢাকা শহরে এই ধরনের দুর্ঘটনা মোকাবিলা করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আমরা চাই না এমন মর্মান্তিক দুর্ঘটনা আর ঘটুক। পাশাপাশি এই ধরনের দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে যাতে সহজে দাঁড়ানো যায় এজন্য একটি নীতিমালা করা হয়েছে।