
নিউজ ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী একজন নির্ভীক ও প্রকৃত দেশপ্রেমিক ছিলেন বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ কথা জানান। বিবৃতিতে স্বাধীনতা পদকে ভূষিত এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
এক শোক বার্তায় জাহিদ মালেক বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী কেবল একজন চিকিৎসাবান্ধব মানুষই ছিলেন না, তিনি ছিলেন এক নির্ভীক ও খাঁটি দেশপ্রেমিক। তিনি দেশের গরিব মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে ভাবতেন। মুক্তিযুদ্ধকালে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা, জাতীয় ওষুধ নীতি প্রণয়ন ও গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে চিকিৎসাক্ষেত্রে দরিদ্র মানুষের সেবাদানে অসাধারণ ভূমিকা রেখেছেন তিনি। জাতির প্রতি তার এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাস্থ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।