
নিউজ ডেস্কঃ ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত তথ্যের নিরাপত্তার পাশাপাশি অপরাধ দমনে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিজিটাল নিরাপত্তা আইন) প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাউকে হয়রানি এই আইনের লক্ষ্য নয় বলেও তিনি জানান।বুধবার (১২ এপ্রিল) ওবায়দুল কাদের এক বিবৃতিতে এসব কথা জানান কাদের। এই বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সুসংহত হয়েছে। বর্তমান সরকার দেশের সংবিধান ও আইন মেনে জনগণের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করেই পরিচালিত হয়ে আসছে সরকারের সব কার্যক্রম।
তিনি বলেন, অবৈধ ও অসাংবিধানিক পন্থায় বন্দুকের নলের মুখে ক্ষমতা দখলকারী স্বৈরাচার জিয়াউর রহমানের হাতে জন্ম নেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ক্ষমতার মোহে অন্ধ হয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আর রাজতন্ত্রকে গুলিয়ে ফেলেছেন। রাজতন্ত্র ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থার পার্থক্য অনুধাবনের ন্যূনতম কাণ্ডজ্ঞানও তার লোপ পেয়েছে। খুনি তারেকের নিকট নতজানু ফখরুল সাহেবরা গোষ্ঠীতন্ত্রের কাছে জিম্মি হয়ে অবচেতন মনে রাজতন্ত্রের মন্ত্র জপছেন। তারা নিজেদের অসহায়ত্ব ও পরাধীনতাকে জনগণের পর চাপিয়ে দিতে অপচেষ্টা চালাচ্ছেন।