
নিউজ ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডা. জাফরুল্লাহর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডা. মামুন মোস্তাফী মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই ডা. জাফরুল্লাহ চৌধুরী আর আমাদের মাঝে নেই। আপনাদের সবার কাছে আমার নিবেদন, আপনারা তার জন্য প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।
গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নানা রোগে আক্রান্ত এই বীর মুক্তিযোদ্ধা চিকিৎসক। সোমবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর। জাফরুল্লাহর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে। পিতামাতার ১০ সন্তানের মধ্যে তিনি সবার বড়। ঢাকার বকশীবাজারের নবকুমার স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করেন।