
নিউজ ডেস্কঃ করোনা মহামারিসহ বিভিন্ন কারণে আগরতলা-আখাউড়া রেলপথ নির্মাণের কাজ নির্ধারিত সময় থেকে কিছুটা পিছিয়েছে। তবে এই বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই রেলপথ চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানান ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী জি কিষান রেড্ডি। এদিন তিনি এই রেলপথের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পাশাপাশি এই প্রকল্পের সঙ্গে জড়িত প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তিনি এক পর্যালোচনা বৈঠক করেন।
মন্ত্রী জি কিষান রেড্ডি এদিন আগরতলা আখাউড়া রেলপথের ভারতের দিক থেকে সর্বশেষ রেলওয়ে স্টেশন নিশ্চিন্তপুর রেলস্টেশন থেকে শুরু করে সীমান্ত পর্যন্ত রাস্তা পরিদর্শন করে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, স্থানীয় বিধায়ক মিনা রানী সরকারসহ প্রকল্প বাস্তবায়নের কাজে যুক্ত বিভিন্ন সংস্থার প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা।