
নিউজ ডেস্কঃ বাস্তবসম্মত ও সময়োপযোগী প্রকল্প প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে পল্লি প্রগতি কর্মসূচি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প প্রণয়নে জনসম্পৃক্ততা ও টেকসই উন্নয়নের প্রতি দৃষ্টি রাখতে হবে। নতুন আঙ্গিকে বিচক্ষণতার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পকাজ সম্পাদন করা যায়।তিনি বলেন, জাতির পিতা কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিতে বলেছিলেন। সমবায়-ভিত্তিক কৃষি ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। জাতির পিতার সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে উন্নয়নের সকল সূচকে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান এখন ৩০তম।আমাদের মাথাপিছু আয় পাকিস্তানের প্রায় দ্বিগুণ। প্রতিবেশী দেশ ভারতের থেকেও অনেকক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে রয়েছে।