
নিউজ ডেস্কঃ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে উদ্যোগ নেওয়ার ফলে রেমিট্যান্স বাড়ছে। এপ্রিল মাসে রেমিট্যান্স ২ বিলিয়ন ছাড়িয়ে যাবে। প্রবাসীদের মোবাইল ফাইনান্সিং ব্যবহার করে পাঠানোর সুযোগ করে দেওয়া গেলে রেমিট্যান্স দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
মঙ্গলবার (১১ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ট্রান্সফার দ্যা পেপার মানি টু ডিজিটাল: টেকিং ফ্রম অ্যান্ড মেকিং অব কেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।আতিউর রহমান বলেন, বর্তমান সরকার একযুগ আগে ডিজিটাল বাংলাদেশের এজেন্ডা নিয়ে ক্ষমতায় আসার সময় বিষয়টি সম্পর্কে মানুষ ধারণা করতে পারেনি এটা কোথায় যাবে। কিন্তু যখন ডিজিটাল কার্যক্রমগুলো এগিয়ে যেতে থাকলো তখন মানুষ এর গুরুত্ব বুঝতে পারে। আজকের আলোচনা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের ডিজিটাল কারেন্সি নিয়ে। ডিজিটাল কারেন্সি নিয়ে আলোচনার আগে সেন্ট্রাল ব্যাংকে ডিজিটাল হওয়ার প্রয়োজন নিয়ে আলোচনা দরকার ছিল।