
নিউজ ডেস্কঃ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পহেলা বৈশাখ নিয়ে কোনো হুমকি এখন পর্যন্ত আমরা পাইনি। তবে পহেলা বৈশাখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ঈদ উপলক্ষে সোমবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের মার্কেট, শপিংমল ও রাস্তাঘাটের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইফতার, সেহেরি ও তারাবির নামাজের সময় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থাসহ একযোগে পুলিশের সব ইউনিট কাজ করছে। তিনি বলেন, রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সাদা পোশাক ও ইউনিফর্মে পুলিশ মোতায়েন রয়েছে। ঢাকা শহরের সবগুলো মার্কেটে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। সহজে মার্কেটে চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।