
নিউজ ডেস্কঃ ঈদ উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে উত্তরাঞ্চলের যাত্রীদের চাপ ছিলো। প্রথম ৫ মিনিটেই বিক্রি হয়ে যায় সব টিকিট। একইসঙ্গে জামালপুর, নেত্রকোনা, যশোর, খুলনা, নোয়াখালী রুটের টিকিটও দ্রুত শেষ হয়ে গেছে। তবে সিলেট রুটে চলাচলকারী ৪টি আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা, কালনী, উপবন, পারাবত এক্সপ্রেসের ৫০০ (পাঁচশত) টিকিট এখনও অবিক্রীত রয়েছে। এমনকি গতকাল রোববারেরও প্রায় ২০০ টিকিট অবিক্রীত রয়েছে।
সোমবার (১০ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ে সুত্রে এসব তথ্য জানা গেছে। ময়মনসিংহ, জামালপুর রুটের চলাচলকারী অগ্নিবীণা, ব্রহ্মপুত্র, যমুনা, জামালপুর ও তিস্তা এক্সপ্রেস ট্রেনের টিকেটের চাহিদাও ছিল অনেক। রাজশাহীগামী সিল্কসিটির পদ্মা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেসের এসি কোচের টিকিটও সকাল ৯টার সময়েই শেষ হয়। চট্টলা, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর, মহানগর প্রভাতী, তূর্ণা ও সোনার বাংলা এক্সপ্রেসের ৫ হাজার টিকেটের অধিকাংশ বিক্রি হয়ে গেছে। তবে বেলা ১১টা পর্যন্ত প্রায় ২০০ সিট খালি ছিল।