News71.com
 Bangladesh
 09 Apr 23, 09:47 PM
 116           
 0
 09 Apr 23, 09:47 PM

বুধবার থেকে অস্থায়ীভাবে ব্যবসা শুরু করা যাবে।।তাপস

বুধবার থেকে অস্থায়ীভাবে ব্যবসা শুরু করা যাবে।।তাপস

নিউজ ডেস্কঃ রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগামী বুধবার (১২ এপ্রিল) থেকে চৌকি বিছিয়ে অস্থায়ীভাবে তাদের কার্যক্রম শুরু করতে পারবেন। আগামীকাল সোমবারের (১০ এপ্রিল) মধ্যে ভুক্তভোগীদের তালিকাও শেষ করা হয়ে যাবে। রোববার (৯ এপ্রিল) বিকেলে নগর ভবনে বঙ্গবাজারের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

 

তিনি বলেন, বঙ্গবাজারের পোড়া স্তূপ পরিষ্কার করার কার্যক্রম সোমবার সকাল থেকে পুরোদমে শুরু হবে, যাতে দুয়েকদিনের মধ্যে সেখানে ব্যবসা পরিচালনার পরিবেশ সৃষ্টি হয়। আমরা আশা করছি, আগামী মঙ্গলবারে না হলেও বুধবার থেকে যেন ব্যবসায়ীরা সেখানে চৌকি বিছিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এজন্য জায়গাটি পরিষ্কার করার পরে সমতল করা হবে। ডিএসসিসি সেই ব্যবস্থা করবে। তারপর ব্যবসায়ীরা চৌকি বিছিয়ে সেখানে ব্যবসা শুরু করতে পারবেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মালিকদের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রণয়ন করা যায়নি জানিয়ে মেয়র তাপস আরও বলেন, আমরা আশা করছি আগামীকালের মধ্যে এটি শেষ করতে পারব। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় যে তহবিল করা হয়েছে সেখানে  ইতোমধ্যে ২ কোটি টাকা জমা হয়েছে। সব মহল থেকেই আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। তহবিলে আমরাও অংশগ্রহণ করবো। যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা পুনর্বাসিত হতে পারে। মঙ্গলবার আমাদের করপোরেশন সভা আছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন