
নিউজ ডেস্কঃ নির্বাচনকে ভন্ডুল করার জন্য বিএনপি দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে আশঙ্কা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে না আসলে জোর করে কাউকে আনতে পারব না। কিন্তু নির্বাচনে বাধা দিতে গেলে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রস্তুত হয়ে যান, নির্বাচন পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। মাঠে থাকব। শনিবার (৮ এপ্রিল) দারুস সালামের সিদ্ধান্ত হাই স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব' সেই ধরণের নির্বাচন করার জন্য আইন করে নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছেন। নির্বাচন কমিশন এখন নিরপেক্ষ। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করবে। সরকার রুটিন দায়িত্ব পালন করবে। সরকার এ নির্বাচনে কোনো প্রকারের হস্তক্ষেপ করবে না। আমি জনগণের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে কথা দিয়ে গেলাম। সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তারা জানে নির্বাচন হলে শেখ হাসিনার সঙ্গে পারবে না। নির্বাচন হলে হেরে যাবে। কাজেই এ নির্বাচন না করে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে ভন্ডুল করা তাদের লক্ষ্য। আমরাও প্রস্তুত। নির্বাচনে না আসলে জোর করে কাউকে আনতে পারব না। কিন্তু নির্বাচনে বাঁধা দিতে গেলে প্রতিহত করা হবে।