
নিউজ ডেস্কঃ সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীলনকশায় বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত এখন বেশ জোরেশোরে চলছে বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। শনিবার (৮ এপ্রিল) তুরাগ কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্যসামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, একটি ব্যাপারে সতর্ক থাকতে হবে। সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীলনকশার বাস্তবায়ন চলছে। এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে যে, সাধারণ মানুষ যেন সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। দেশের সুশীল সমাজের একটি অংশ এখন জনগণকে বিভ্রান্ত করতে তৎপর হয়েছেন। আর এ নীলনকশা বাস্তবায়নে মাঠে নেমেছেন এক-এগারোর কুশীলবরা। বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত এখন বেশ জোরেশোরে চলছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধারাবাহিকভাবে ২০০৮ সালের পর থেকে দেশে গণতন্ত্র অব্যাহত রয়েছে বলেই একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থা বিরাজ করছে। কিছু প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা থাকা সত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ সৃষ্টি হবে ইনশাআল্লাহ।