
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্রে লিপ্ত। দেশেরৈ মানুষের অধিকার আর ভাগ্যকে নিয়ে যারা ছিনিমিনি খেলে নিজেদের ভাগ্যবান করতে চায়। তাদের বিরুদ্ধে আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবো।তারা আগামী নির্বাচনকে ভন্ডুল করার জন্য লিপ্ত রয়েছে। সেটা আর হতে দেওয়া হবে না।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে মাদারীপুর পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। এদেশের জনগণ চায় দেশের গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার অক্ষুন্ন থাকুক। যারা এই দেশের পবিত্র সংবিধানকে পদদলিত করার অপচেষ্টা চালাবে, এদেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে তাদের প্রতিহত করা হবে। তাদের মোকাবিলা করা হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে এগিয়ে চলছে। বাংলাদেশের প্রতিটি গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে। কিন্তু ওই অপশক্তি এটা মেনে নিতে পারছে না।