
নিউজ ডেস্কঃ কুড়িগ্রাম সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল রহিম রাজু (৪৮) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) সকালে কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর আকন্দ পাড়া এলাকার বাসিন্দা এবং ধামশ্রেণি ইন্দিরার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজু মোটরসাইকেলে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আর একটি মোটরসাইকেল শহরের দিকে আসার সময় এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিক্ষক মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে তার ওপর দিয়ে বালু ভর্তি একটি ট্রাক্টর চলে যায়। এতে ট্রাক্টরের চাকায় আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।