
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে প্রথিতযশা আইনজীবীদের সংখ্যা কমে আসছে এবং এ অবস্থা চলতে থাকলে সংসদে আইনের পরিবীক্ষণের জন্য বাইরে থেকে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে স্মারক বক্তৃতায় রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, আইনসভায় প্রণীত আইনের মাধ্যমে একটি রাষ্ট্রের সার্বিক কর্মকাণ্ড পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। দ্রুত পরিবর্তনশীল এ আধুনিক সমাজের কল্যাণে নতুন ও যুগোপযোগী আইন প্রণয়ন করা জাতীয় সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।
প্রচলিত ধারা অনুযায়ী আইন প্রণয়নে সরকার যদিও উদ্যোক্তার ভূমিকা পালন করে কিন্তু সংসদের সম্মতি ব্যতীত কোনো আইন প্রণয়ন সম্ভব নয়। সংসদে বিল আকারে উপস্থাপিত একটি আইন প্রণয়নের বিভিন্ন পর্যায়ে একজন সংসদ সদস্য ব্যক্তিগত কিংবা সমষ্টিগতভাবে প্রস্তাবে গুরত্বপূর্ণ সংশোধনী এনে আইন প্রণেতা হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকেন। সংসদে বিল আকারে উপস্থাপিত আইন নিয়ে সংসদীয় কমিটিতে গুরুত্বের সঙ্গে আলোচনা করলে আইনের গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা বহুলাংশে বাড়ে। সংসদ সদস্যদের এ কাজটি খুবই মনোযোগ দিয়ে করতে হবে। অন্যথায় আইন পাসের পরপরই সংশোধনীর জন্য উদ্যোগ নিতে হবে। এ উদ্যোগ গ্রহণ না করলে আইনের প্রয়োগ ও বাস্তবায়নে নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।