
নিউজ ডেস্কঃ কক্সবাজারের রামু উপজেলায় মিনিট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (৭ মার্চ) সকাল ৭টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ভরাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। ৭টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রামুর খুনিয়াপালং ইউনিয়নের ভরাব্রিজ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।