
নিউজ ডেস্কঃ বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সবচেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছানো এবং এ যাবতকালের সর্বোচ্চ ইউনিট কাজ করা সত্ত্বেও হামলা করা হয় বাহিনীটির সদর দপ্তরে। যখন বাহিনীটির সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজে ব্যস্ত তখনই অতর্কিত হামলা করে ভাঙচুর করা হয় ফায়ার সার্ভিসের বিভিন্ন মডেলের ১৪টি গাড়ি, মেইন গেটের সেন্ট্রি পোস্ট, প্রশাসনিক ভবন, সিনিয়র স্টেশন অফিসারের অফিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দাবি, এ হামলায় বাহিনীটির আনুমানিক ক্ষতির পরিমাণ ৩৯ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা। শুধু তাই নয়, হামলায় সিনিয়র কর্মকর্তাসহ আহত হয়েছেন বাহিনীটির ৪ সদস্য।
মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজারে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের দিন পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরে হামলা চালানো হয়। এ ঘটনায় অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে ডিএমপির বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বে-আইনি জনতাবদ্ধ হয়ে ফায়ার সার্ভিসের অফিসার ও সদস্যদের সরকারি কাজে পরিকল্পিতভাবে বাধা দিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর ও সাধারণ জখমসহ সরকারি সম্পত্তি ভাঙচুর ও ক্ষতি করেছে বলে অভিযোগ করেছেন তিনি।