News71.com
 Bangladesh
 07 Apr 23, 02:15 PM
 86           
 0
 07 Apr 23, 02:15 PM

বঙ্গবাজারে চলছে পোড়া স্তূপ সরানোর কাজ।।

বঙ্গবাজারে চলছে পোড়া স্তূপ সরানোর কাজ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনার ৭৫ ঘণ্টা পর নির্বাপণ পুরোপুরি শেষ হয়েছে। এখন শুরু হয়েছে পোড়া স্তূপ সরানোর কাজ। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০টায় এ কাজ শুরু হয়। এর আগে সকাল নয়টার দিকে আগুন নির্বাপণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অনুমতিক্রমে মেসার্স বুশরা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে পোড়া স্তূপ সরানোর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি দরপত্রের মাধ্যমে ৪০ লাখ টাকায় এসব পোড়া স্তূপ কিনে নিয়েছে। তারা পোড়া স্তূপ নিয়ে যাওয়ার পর ডিএসসিসি জায়গাটি পরিষ্কার করে দেবে। তারপর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অস্থায়ীভাবে বসার ব্যবস্থা করা হবে।

 

সরেজমিনে দেখা গেছে, আগুন নির্বাপণের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের সদস্যরা চলে যাওয়ার পর শ্রমিকরা পোড়া স্তূপ সরানোর কাজ শুরু করেন। প্রথমে পুড়ে যাওয়া দোকানের অবকাঠামো (টিন, লোহা) সরানোর কাজ শুরু হয়। তাছাড়া গ্যাস কাটার দিয়ে কেটে নেওয়া হচ্ছে লোহা-লক্কড় ও টিন। সেগুলো ট্রাকে ভরে বুশরা ট্রেডার্সে নিয়ে যাওয়া হবে। বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. নাজমুল হুদা বলেন, আগুন যখন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে তখন অনেকে বিচ্ছিন্নভাবে এখান থেকে মালামাল (পোশাক ও লোহা লক্কড়) চুরি করে নিয়ে গেছে। আমরা বা প্রশাসন সেই নিরাপত্তা দিতে পারিনি। পরবর্তীতে আমরা দেখলাম কিছু মালামাল (লোহা লক্কড়) রয়ে গেছে। এগুলো আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে দরপত্রের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের কাছে সর্বোচ্চ দরে বিক্রি করে দিয়েছি। তারা এসব মালামাল নিয়ে যাওয়ার পর সিটি করপোরেশন জায়গাটি পরিষ্কার করে দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন