
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণ ও বঙ্গবাজারে আগুনের ঘটনায় সংসদে শোক উপস্থাপন করা হয়েছে। সিদ্দিকবাজারে নিহতদের প্রতি গভীর শোকও জানায় পুরো সংসদ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের ২২তম ও বিশেষ অধিবেশনে এ শোক উপস্থাপন করা হয়। অধিবেশনের শুরুতে এটি করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, আমরা দুজন সাবেক মন্ত্রী ও সাত সাবেক সংসদ সদস্যকে হারিয়েছি। তাদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করছে জাতীয় সংসদ।
এ ছাড়া গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মোজাম্বিক ও মালাবিতে উপকূলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাত, সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনা, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনাসহ দেশ—বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয় জাতীয় সংসদে। সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করা সাবেক সংসদ সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী, রেজা আলী, সাবেক তথ্য ও যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক তথ্য ও পাট মন্ত্রী হাবিব উল্লাহ খান, মো. দেলোয়ার হোসেন, সামসুল আলম প্রামাণিক, মো. মোজাম্মেল হক, আনোয়ারুল হোসেন খান চৌধুরী ও এনামুল হক।