News71.com
 Bangladesh
 06 Apr 23, 02:31 PM
 103           
 0
 06 Apr 23, 02:31 PM

পুলিশের নিয়ন্ত্রণে বঙ্গবাজার।।পোড়াস্তূপ থেকে এখনো উঠছে ধোঁয়া

পুলিশের নিয়ন্ত্রণে বঙ্গবাজার।।পোড়াস্তূপ থেকে এখনো উঠছে ধোঁয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর বঙ্গবাজারের আগুনে পুড়ে যাওয়া এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। যথাযথ কারণ ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছে না তারা। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে বঙ্গবাজার এলাকায় গিয়ে দেখা যায়, এনেক্সকো টাওয়ারের সামনে এবং হানিফ ফ্লাইওভারের নিছে ব্যারিকেড দিয়ে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দিয়েছেন পুলিশ সদস্যরা। অর্থাৎ, আগুনে পুড়ে যাওয়া এনেক্সকো টাওয়ার, বঙ্গবাজার মার্কেট, বঙ্গ ইসলামিয়া মার্কেট ও বঙ্গ হোমিও মার্কেটের সামনের যে রাস্তা সেটি পুরোপুরি বন্ধ রয়েছে।

 

দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, উৎসুক জনতা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং ব্যবসায়ীদের মালামাল যাতে চুরি না হয় এজন্য আগুনে পুড়ে যাওয়া এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র এনেক্সকো টাওয়ারে ব্যবসায়ীদের তাদের মালামাল সরাতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে৷ তবে সেটিও দোকান মালিক সমিতি বলার পর। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. রাসেল বলেন, বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যার পর থেকে এলাকাটি পুলিশ নিয়ন্ত্রণে নেয়। গত দুই দিন অনেক ভাসমান ও ছিন্নমূল মানুষ এখানে ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। তাই ব্যবসায়ীদের মালামাল রক্ষা করতে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। মালিক সমিতির সঙ্গে কথা বলেই এটি করা হয়েছে।এজন্য রাস্তার দুই পাশে ব্যারিকেড দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন