
নিউজ ডেস্কঃ বন্যা মৌসুমে উত্তরাঞ্চলের বন্যা কবলিত এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনে ভয়েস মেসেজের মাধ্যমে আগাম সতর্কবার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বুধবার (৫ এপ্রিল) ‘স্থানীয় পর্যায়ে বন্যার সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের বার্ষিক অগ্রগতি অবহিতকরণ কর্মশলা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ডাটাবেজ পোর্টাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে এই কর্মশালা ও ডাটাবেজ পোর্টাল উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বন্যার ঝুঁকি মোকাবিলায় এবং গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। টেকসই অবকাঠামো ও জনগণের সক্ষমতা বৃদ্ধি করতে দেশের বন্যাপ্রবণ উত্তরাঞ্চলের ৩টি জেলার (কুড়িগ্রাম,গাইবান্ধা ও জামালপুর) ১৯টি উপজেলায় বিশেষ কার্যক্রম ও প্রকল্প নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বন্যা মৌসুমে এসব এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে ভয়েস মেসেজের মাধ্যমে বন্যার আগাম সতর্কবার্তা দেওয়া হবে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে জনগণ এবং সরকারি-বেসরকারি সংস্থা আরও ভালোভাবে দুর্যোগের পূর্বপ্রস্তুতি নিতে পারবে। এতে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস পাবে এবং প্রকল্প এলাকার সকলেই উপকৃত হবে।