
নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে মাদকের আসরে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ওই দুইজন পালিয়ে যাওয়ার সময় পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি করে।
গত বৃহস্পতিবার (১৪ জুলাই) দিনগত মধ্যরাতে শেরপুরের পৌরশহরের উত্তর সাহাপাড়ায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার দুইজন হলেন- পৌরশহরের উত্তর সাহাপাড়া এলাকার দুলাল শেখের ছেলে জুয়েল রানা (২৮) ও একই এলাকার সিরাজ শেখের ছেলে উজ্জল শেখ (২৭)।
আজ দুপুর ১২টার দিকে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে মাদকের আসরে অভিযান চালানো হয়। সেখান থেকে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের পরিবার ও স্থানীয়রা বাধা দিলে পুলিশ গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় পুলিশের এই কর্মকর্তা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান এসআই ইকবাল।